আগামী সেপ্টেম্বরে ভারতে গড়াতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। অষ্টম দল হিসেবে টুর্নামেন্টে জায়গা পাকা করা নারী দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা দারুণ ছিল নারীদের। প্রথম তিন ম্যাচে টানা জয়ের পর বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছিল বাঘিনীরা। তবে পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সমীকরণ কঠিন করে ফেলে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর তাকিয়ে থাকতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের দিকে।
থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় কঠিন সমীকরণও প্রায় মিলিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
নিগার সুলতানা জ্যোতিদের বিশ্বকাপ টিকিট নিশ্চিতের পর এক বার্তায় অভিনন্দন জানান বিসিবি সভাপতি। বলেছেন,‘আইসিসি নারী বিশ্বকাপে খেলা নিশ্চিত করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন। নিরন্তর পরিশ্রম করে যাওয়া কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানাচ্ছি।’
‘আমরা ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আমাদের ক্রিকেটারদের লক্ষ্য ঠিক রাখার ও প্রস্তুতিতে দৃঢ় প্রতিজ্ঞ থাকার অনুরোধ জানাচ্ছি। বিসিবি পুরোপুরি তাদের পাশে আছে। তারা যাতে ভালো প্রস্তুতি নিয়ে ও সেরা ছন্দে থেকে বিশ্বকাপে যেতে পারো, সেজন্য বিসিবি সর্বোচ্চ সহায়তা করবে। বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করতে আমরা আমাদের প্রতিভা ও সামর্থ্যে বিশ্বাস রাখি।’








