সৈয়দ আবেদ আলীকে নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া এই গাড়িচালক রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দেওয়ার পোস্টগুলো নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন। আবেদ আলীকে মুখোশধারী হিসেবে চিহ্নিত করছেন অনেকে। পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়িচালককে নিয়ে অন্তর্জালে রীতিমত হুল্লোড়!
সেই হুল্লোড়ে গা ভাসালেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীও। নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে এ নায়ক মজা করে লিখেছেন, ‘আমি অংকে ফেইল করেছিলাম। কোথায় ছিলেন তখন?’
বাপ্পী লিখেছেন, “ওইসময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাই হোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করবো না। আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন।”
এরপর বাপ্পী তার ইনস্টাগ্রাম, ব্যক্তিগত আইডি এবং পেইজের লিংক স্ট্যাটাসে শেয়ার করেছেন। বাপ্পীর এই স্ট্যাটাসে বন্ধু তালিকার অধিকাংশ ব্যক্তি হাহা রিয়েক্ট দিয়েছেন। কমেন্ট বক্সে চোখ রাখলে দেখা যায় কেউ কেউ বুঝেছেন বাপ্পী মজা করে পোস্ট দিয়েছেন। রসিকতা করে পাল্টা মন্তব্যও করছেন কেউ কেউ।
তবে অনেকে এমন পোস্টের সমালোচনাও করছেন। চলচ্চিত্রের গ্রুপে বাপ্পীর স্ট্যাটাসটির স্ক্রিনশট দিয়ে একজন লিখেছেন, বাপ্পীর মতো নায়কের কাছ থেকে এমন পোস্ট আশা করা যায় না!
দীর্ঘদিন ধরে আলোচনায় নেই বাপ্পী চৌধুরী। সর্বশেষ তার ‘শত্রু’ ছবি মুক্তি পেয়েছিল গেল বছর ঈদে। ব্যবসায়িকভাবে ছবিটি মুখ থুবড়ে পড়ে। এই নায়কের ‘ঢাকা ৫৭০’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ‘কুস্তিগীর’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায়।








