সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে গড়ায় লড়াই। লিড পেলেও মাহমুদুল হাসান জয়-মুমিনুল হক ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়েছে টিম টাইগার্স। নাজমুল হোসেন শান্তর ব্যাটে লিড বাড়াচ্ছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে থামে। জবাবে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানের পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় দিনের শেষ বেলায় ১ উইকেটে ৫৭ রান তোলে টাইগাররা। তৃতীয় দিনে ব্যাটে নেমে চা বিরতি পর্যন্ত ৪১.৪ ওভার খেলে ৪ উইকেটে ১৫৫ রান তুলেছে বাংলাদেশ।
৭৩ রানের লিড নিয়ে তৃতীয় সেশনে ব্যাটে নামবেন নাজমুল হোসেন শান্ত। ৪৪ রানে ব্যাট করছেন তিনি। পঞ্চম উইকেটে তাকে সঙ্গ দেবেন জাকের আলি অনিক অথবা মেহেদী হাসান মিরাজ।
বৃষ্টি বাধা কাটিয়ে তৃতীয় দিন নির্ধারিত সময়ের তিনঘণ্টা পর দুপুর একটায় খেলা শুরু হয়। দিনের ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় ফিরে যান। ৩৩ রান করেন এ ওপেনার। তৃতীয় উইকেটে শান্তকে নিয়ে ৬৫ রান যোগ করেন মুমিনুল। ১৩৮ রানে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে। ৪৭ রান করেন তিনি।
এরপর মুশফিকুর রহিম ব্যাটে নেমে আবারও হতাশ করেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ রানে ফিরে গেছেন। মুশফিক ফেরার পর চা বিরতিতে যায় দুদল।
রোডেশিয়ানদের হয়ে এপর্যন্ত ব্লেসিং মুজারাবানি ৩ উইকেট ও ভিক্টর নিয়াউচি একটি উইকেট নিয়েছেন।









