মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে ইংল্যান্ডের কাছে। গ্রুপপর্বে তৃতীয় ম্যাচে টিম টাইগ্রেস মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের হারানোর মতো শক্তি আছে নিগার সুলতানা জ্যোতির দলের, পেসবোলিং কোচ তালহা যুবায়ের বলছেন এমন।
১০ অক্টোবর শারজায় ক্যারিবীয়দের বিপক্ষে নামবে টিম টাইগ্রেস। বাংলাদেশ সময় রাত আটটায় গড়াবে লড়াই। ম্যাচ সামনে রেখে সোমবারের অনুশীলন শেষে আশারবাণী শুনিয়েছেন তালহা।
‘আমাদের এখনও সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতো সামর্থ্যবান আমরা। সাউথ আফ্রিকায় তাদেরকে আমরা সিরিজ হারিয়েছিলাম। এই আত্মবিশ্বাস দলের মধ্যে আছে, মেয়েরা এটাও খুব ভালোভাবে বিশ্বাস করছে, আমরা যা খেলেছি ইংল্যান্ডের সঙ্গে তার অনেক ভালো দল আমরা। তাই আশা করি, একই আত্মবিশ্বাস নিয়ে আমরা মাঠে থাকতে পারবো। পরের ম্যাচ যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সে ম্যাচে আমরা তাদের বিরুদ্ধে জিততে পারবো।’
ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে ভালো করেছে বাংলাদেশ। ফিল্ডিংয়েও ভালো করেছে, তবে দুটি ক্যাচ ছেড়েছে। ব্যাটিংয়ে খুব একটা ভালো করেনি দল। জয়ের জন্য তিন বিভাগেই ভালো করার গুরুত্ব দেয়ার কথা মনে করিয়েছেন টাইগ্রেস কোচ।
‘তিনটা বিভাগেই ভালো করতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভালো করেছি, দুটো ক্যাচ আমরা ছেড়েছিলাম, ওখানে হয়তবা একটু পিছিয়েছি আমরা। আমাদের ক্যাচিংটা আরও ভালো হতে হবে। এরকম বড় ম্যাচে যদি ভালো ব্যাটারদের সুযোগ দেন, তারা গেমটা আপনার থেকে নিয়ে যাবে। ওই জায়গায় আমাদের একটু উন্নতি করার আছে। ব্যাটিংয়ে আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে। মনে করি, আমরা যদি ভালো ইতিবাচক ব্যাটিং করতে পারি, মনোযোগ থাকে, আমরা ভালো রেজাল্ট আনতে পারবো।’
ব্যাটারদের ভালো করার প্রতি গুরুত্ব দিয়েছেন টাইগ্রেস ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুকও, ‘আমার মনে হয়, উইকেটটা একটু ধীর। ব্যাটারদের একটু সেন্সেসিভ ব্যাটিং করলে, যদি আমরা ১৩০ রানের বেশি করতে পারি এই উইকেটে। আমাদের বোলিং ইউনিট তা ডিফেন্ড করার জন্য সক্ষম।’








