এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মাটিতে ড্র করার মধ্য দিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। মাঝে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলে হেরে বেকায়দায় আছে জামাল ভূঁইয়ার দল। বৃহস্পতিবার রাতে জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ হংকং চায়নার বিপক্ষে, মূল আসরে খেলার দৌড়ে টিকে থাকতে নামবেন হামজা-তপুরা।
অধিনায়ক জামাল ভূঁইয়া আগে বলেছেন, ‘হংকংয়ের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য বাঁচামরার।’ ম্যাচের আগেরদিনও তিনি একই কথা বলেছেন, ‘লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের এই ম্যাচ জয়ের কোন বিকল্প নেই। আমরা সেরাটা দিয়ে খেলবো মাঠে। আমাদের সামগ্রিক প্রস্তুতি ভালো। ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত।’
হংকংকে হারানো নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরাও, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের কোয়ালিটি স্কোয়াডও আছে। তাদের হারানোর সেই সামর্থ্য আমাদের আছে।’
বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী, লেস্টার সিটি ও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা মিডফিল্ডারকে নিয়ে মাতামাতির শেষ নেই। প্রতিপক্ষ হংকংয়ের ইংলিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড মাইন্ডগেম খেলছেন তাকে নিয়ে। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হামজা আমার দলে থাকলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম।’
ম্যাচ খেলতে আসা ২৮ বর্ষী হামজাও আশাবাদী। বলেছেন, ‘বাংলাদেশে আমি তৃতীয়বার আসলাম। দলের সাথে, কোচের সাথে আমাদের সম্পর্ক ভালো। দেশের যেসব খেলোয়াড়রা ছিলেন, তারা তিন-চার সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করছেন। আমাদের জয়ের খুব সম্ভাবনা আছে।’
দলের আরেক তারকা সামিত সোম এসে ভিডিওবার্তায় বলেছেন, ‘দীর্ঘ যাত্রা শেষে বাংলাদেশে চলে এসেছি। দলের সবাইকে ও কোচিং স্টাফদের দেখতে মুখিয়ে আছি। সবার সঙ্গে অনুশীলনের জন্যও অপেক্ষায় আছি। আশা রাখছি ম্যাচে আমরা ভালো করব।’
বাংলাদেশ এবং হংকং চায়নার শক্তিমত্তায় বেশ পার্থক্য রয়েছে। ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তে, হংকং আছে ১৪৬এ। হংকং দলে বেশ কয়েকটি দেশের বংশোদ্ভূত খেলোয়াড় আছেন। এরমধ্যে ব্রাজিলেরই ৫ জন! জাপান, ক্যামেরুন ও নিউজিল্যান্ডের খেলোয়াড় আছেন।
পিছিয়ে নেই বাংলাদেশও। ডিফেন্সে তারিক কাজীর সাথে যুক্ত হয়েছে নতুন নাম জায়ান আহমেদ। ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন হামজা, অ্যাটাকিং মিডফিল্ডে আছেন জামাল ভূঁইয়া, শাহ কাজেম কিরমানি, ফাহমিদুল ইসলাম। সঙ্গে দেশীয় ফরোয়ার্ড রাকিব হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, আল আমিনরা।
বাছাইয়ে গ্রুপ ‘সি’তে বাংলাদেশ। গ্রুপের অন্য দেশগুলো- হংকং, সিঙ্গাপুর ও ভারত। দুই ম্যাচ শেষে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। শীর্ষে সিঙ্গাপুর, দুইয়ে হংকং চায়না। তলানির দল ভারত। ম্যাচটি সরাসরি দেখা যাবে আইস্ক্রিন, টি-স্পোর্টস, নাগরিক টিভি ও বংগ বিডিতে।








