টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সময় মোটেও ভালো যাচ্ছে না। সাউথ আফ্রিকার বিপক্ষে বল করেছেন মাত্র ১ ওভার। প্রোটিয়াদের অল্প রানে আটকে দিলেও সেটি টপকাতে সাকিব কোনো অবদান রাখতে পারেননি। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ছিলেন অনুজ্জ্বল। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন পারফরম্যান্সের সমালোচনা হচ্ছে বিস্তর। ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ তো তাকে অবসরই নিতে বলছেন।
সাকিব আল হাসানের পড়তি পারফরম্যান্স নিয়ে শেবাগের মন্তব্য, ‘আপনাকে বিশ্বকাপ দলে যদি অভিজ্ঞতার জন্য রাখা হয়, তাহলে তার মূল্যায়ন করতে শিখুন। উইকেটে কিছু সময় টিকে থাকুন।’
‘আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেন নন। আপনি বাংলাদেশের একজন খেলোয়াড়। হুক-পুল আপনার শক্তির জায়গা নয়। আপনার শক্তি অনুযায়ী খেলুন, অন্তত মিডল ওভারে কিছু সময় টিকে থাকুন।’
এরপর সাকিবকে অবসরের পরামর্শ দিয়েছেন শেবাগ, ‘গত বিশ্বকাপের পর, আমি মনে করেছিলাম তাকে টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হবে না। অবসরের সময় আরও অনেক আগে এসেছিল। আপনি অনেক সিনিয়র একজন খেলোয়াড়, এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সুতরাং, আপনার পরিসংখ্যান দেখে লজ্জা পাওয়া উচিত। আপনার এমন ঘোষণা করা উচিত যে, অনেক হয়েছে। আমি এ সংস্করণ থেকে অবসরে যাচ্ছি।’
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকা ১১৩ রান করেছিল। জবাব দিতে নেমে বাংলাদেশ ১০৯ রানে থামে, প্রোটিয়ারা জয় পায় ৪ রানে।









