ব্রিটিশ চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ‘ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’ (বাফটা)–এর এবারের আসরে সবচেয়ে বড় জয় পেয়েছে ডার্ক কমেডি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’! বাফটায় ছয় পুরস্কারে বাজিমাত লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমা।
ররিবার ব্রিটিশ স্থানীয় সময় রাতে অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের মতো প্রধান দুটি বিভাগেও পুরস্কার অর্জন করে।
ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান মার্কিন নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। একইসঙ্গে তিনি জিতেছেন সেরা অভিযোজিত চিত্রনাট্যের (অ্যাডাপ্টেশন) পুরস্কারও। এছাড়া ছবিটি সেরা চিত্রগ্রহণ ও সেরা সম্পাদনা বিভাগেও সম্মান অর্জন করে।
পুরস্কার গ্রহণের সময় অ্যান্ডারসন বলেন, তাদের ছবিতে নিনা সিমোনে–এর একটি বিখ্যাত উক্তি ব্যবহার করা হয়েছে—“আমি জানি স্বাধীনতা কী, সেটা হলো ভয় শূন্য থাকা!” তিনি এসময় যোগ করেন, “নির্ভয়ে সৃষ্টি করে যেতে হবে—এটাই সবচেয়ে জরুরি।”
সেরা চলচ্চিত্র বিভাগে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পিছনে ফেলে ব্রিটিশ দর্শকদের আবেগঘন ছবি ‘হ্যামনেট’ এবং অস্কারে সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পাওয়া ভ্যাম্পায়ার থ্রিলার ‘সিনার্স’–কে।
যদিও সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতছাড়া হয়েছে, তবু সিনার্স একেবারে খালি হাতে ফেরেনি। ছবিটির নির্মাতা রায়ান কুগলকম জিতেছেন সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার। পাশাপাশি সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন উন্মি মোসাকু এবং ছবিটি জিতেছে সেরা মৌলিক সংগীতের পুরস্কারও।
সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জয়ী হয়েছেন সিন পেন। তিনি নিজের সহঅভিনেতা বেনসিও দেল তোরো–সহ অন্যান্য মনোনীতদের পেছনে ফেলেন।
এবারের আসরের সবচেয়ে বড় চমক ছিল সেরা অভিনেতা বিভাগে। ‘আই সয়্যার’ ছবিতে টুরেট সিনড্রোম সচেতনতাকর্মী জন ডেভিডসনের চরিত্রে অভিনয়ের জন্য রবার্ট আরামায়ো জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার। তিনি টিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও, মাইকেল বি জর্ডান, ইথান হক ও জেসি প্লেমনসের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এই সম্মান অর্জন করেন।
এর আগে তিনি ‘রাইজিং স্টার’ পুরস্কারও জিতেছিলেন। আবেগাপ্লুত কণ্ঠে আরামায়ো বলেন, “আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না।”
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলে। ‘হ্যামনেট’ ছবিতে উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস চরিত্রে অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান। হ্যামনেট অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ক্লোই ঝাও।
যদিও ‘হ্যামনেট’ সেরা ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে, তবে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের মতো প্রধান বিভাগে পরাজিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম ও ক্যাথারিন প্রিন্সেস অব ওয়ালস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালান কামিং। গার্ডিয়ান








