বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে শ্রীলঙ্কা। দুই ওপেনারের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ১৯৯৬ আসরের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে কুশল মেন্ডিসের দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ বলে ৭৭ রান করে ক্রিজে আছেন কুশল পেরেরা এবং ৬ বলে ৫ করে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক কুশল মেন্ডিস।
লক্ষ্ণৌর একনা স্পোর্টস সিটি স্টেডিয়ামে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আসরের মাঝ পথে অধিনায়কের দায়িত্ব পাওয়া কুশল মেন্ডিস। ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে লঙ্কানবাহিনী। কোনো উইকেট না হারিয়ে দলীয় শতরান পার করেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা।
দলীয় ১২৫ রানে লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরি হাঁকানো নিশাঙ্কা ৬৭ বলে ৬১ রান করে আউট হন। ৮টি চার মেরে যান। তার ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরি।
প্রথম দুই ম্যাচে হেরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার জন্য সেমির পথটা নড়বড়ে হয়ে গেছে। এই ম্যাচে যে হারবে তাদের জন্য আরও কঠিন হবে সেমিফাইনালের পথ। বিশ্বকাপের ইতিহাস বলছে, ১৯৯৬ বিশ্বকাপের পর থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে ৭বারের দেখায় কোনো জয় পায়নি লঙ্কানবাহিনী। আরেকটি জয় তুলতে মরিয়া অজি দলটি।








