যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক সমাবেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে গুলি ট্রাম্পের কানে লাগলে আহত হন তিনি।
বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার ১৪ জুলাই এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় এই হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প।
হামলার প্রতিক্রিয়ায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। আমাকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে যা আমার ডান কানকে আহত করেছে।
ট্রাম্প তার সামাজিক মাধ্যমে বলেন, আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, ভিন্ন কিছু একটা ঘটছে। আমি হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়া ভেদ করে যাচ্ছে বলে বুঝতে পারলাম। অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি আমার সাথে কী ঘটেছে।
এদিকে হামলার পরপরই দ্রুত পদক্ষেপ নেয়ায় মার্কিন সিক্রেট সার্ভিসের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি সমাবেশে নিহত ব্যক্তির পরিবারের প্রতি এবং গুরুতরভাবে আহত অন্য ব্যক্তির পরিবারের প্রতি আমার সমবেদনা জানাতে চাই। এটা অবিশ্বাস্য যে, আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটতে পারে। বন্দুকধারী মারা গেছে এবং তার সম্পর্কে এই মুহূর্তে কিছুই জানা যায়নি।
শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিজেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।









