জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টুর্ক বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়াও এটি একটি যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্তের আহ্বানও জানিয়েছেন ভলকার টুর্ক।
তিনি বলেন, গাজায় সামান্য পরিমাণ খাদ্যের জন্য চেষ্টা করা বেসামরিক নাগরিকদের ওপর হামলা একটি বিবেকবর্জিত ঘটনা। ফিলিস্তিনিদের সামনে ভয়াবহ বিকল্প দেয়া হয়েছে: ক্ষুধায় মরো কিংবা ইসরায়েলের সামরিকায়ন করা মানবিক সহায়তা কৌশলের মাধ্যমে দেয়া সামান্য খাদ্য পাওয়ার চেষ্টা করতে গিয়ে নিহত হওয়ার ঝুঁকি নেয়া।
তিনি বলেন, একনাগাড়ে তিন দিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে লোকজন খুন হলো এবং এ জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
তার মতে সাহায্য পাওয়ার অধিকারের বিরুদ্ধে ইচ্ছাকৃত বাধা যুদ্ধপরাধ বিলে বিবেচিত হতে পারে।









