বাবার ক্লাবের হয়ে প্রথম গোল করলেন ছেলে

Two football players celebrating on the field, one holding a red jersey with white text, during a match. Channel i News – চ্যানেল আই নিউজ
লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে আগে সাত ম্যাচ খেলেছেন জুলিয়ানো সিমিওনে। বাবা ডিয়েগো সিমিওনের অধীনে খেলার খুব একটা সুযোগ মেলেনি। লিগে অষ্টম এবং ক্লাবটির হয়ে ১১তম ম্যাচে পালমাসের বিপক্ষে সবচেয়ে বেশি ৮৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। এদিন মাদ্রিদের ক্লাবটির হয়ে প্রথম গোলের দেখাও পেয়ে গেছেন কোচ সিমিওনের ছোট ছেলে।
স্পেনের পূর্বাঞ্চল আকস্মিক বন্যায় আক্রান্ত হয়েছে। ম্যাচটি খেলা নিয়ে আপত্তি তুলেছিলেন কোচ সিমিওনে। পরে অবশ্য সূচিতে কোনো পরিবর্তন হয়নি। ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে ২-০ গোলে জেতে অ্যাটলেটিকো মাদ্রিদ। জুলিয়ানো সিমিওনের পাশাপাশি অন্য গোলটি করেছেন আলেক্সান্দার সরলথ। জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্টে টেবিলের তিনে অ্যাটলেটিকো।
ম্যাচের ৩৭ মিনিটে জুয়িলানো অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোলটি করেন। আর্জেন্টিনা তারকা নাহুয়েল মলিনার পাস থেকে জালে বল পাঠান। লিড ধরে রেখে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দ্বিতীয় গোলটি করেন সরলথ। রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে জালে পাঠান।
অ্যাটলেটিকো জার্সিতে নিজের প্রথম গোলটি করে একটি বিশেষ জার্সি দর্শকদের প্রতি উঁচিয়ে ধরে গোল বন্যাদুর্গত মানুষের প্রতি উৎসর্গ করেন জুলিয়ানো।







