লা লিগায় দ্বিতীয় অবস্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। শনিবার রাতে এস্পানিওলকে হারিয়ে শিরোপা দৌড়ে বেশ এগিয়ে গেছে কাতালানরা। ঘরোয়া লিগে জায়গা ঠিক রেখে এখন কোচ হ্যান্সি ফ্লিকের নজর কেবল চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার। ফিরতি লেগে কোন অলৌকিক নয়, বরং ভালো খেলে জয় নিয়ে ফিরতে চান জার্মান কোচ।
ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা। কোচের মতে ম্যাচটি ছিল কঠিন। ম্যাচের নবম এবং ২৫ মিনিটে জোড়া গোল করে প্রথমে স্বাগতিকদের ব্যবধান দিগুণ করে দেন ফেররান তরেস। ৫৬ মিনিটে পল লোজানোর গোলে পার্থক্য একটু কমায় সফরকারী দল। শেষে আবারও বেশ এগিয়ে যায় ফ্লিকের শিষ্যরা, ৮৭ মিনিটে তৃতীয় গোল লামিন ইয়ামাল এবং ৮৯ মিনিটে চতুর্থটি করেন মার্কাশ র্যাশফোর্ড।
ম্যাচ শেষে কোচ বলেছেন, ‘সবকিছুই ছিল তিন পয়েন্টের জন্য। আমরা প্রথমার্ধে নিয়ন্ত্রণ রেখেছিলাম, বিরতির পর কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তারা গোল করে এবং পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। পরিবর্তনগুলো আমাদের নিয়ন্ত্রণ ফিরে পেতে সাহায্য করেছে।’
টেবিলে শীর্ষ স্থানে থাকলেও ফ্লিকের মতে, ‘ব্যবধানটা বেশ ভালো, নয় পয়েন্ট। তবে আমার মতে, এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে। যতক্ষণ না ফলাফল নির্ধারিত হচ্ছে, আমাদের সেরাটা দিয়ে যেতে হবে।’
বার্সার সামনে আরও বড় পরীক্ষা হল চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা। গত বুধবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোয়ার্টার ফানাইলের প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল ফ্লিকের দল। আসরে টিকে থাকতে হলে মঙ্গলবার মাদ্রিদের মেট্রোপলিটানোতে বার্সাকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিতে হবে।
ফ্লিক বলছেন, ‘দল ভালো অবস্থায় আছে। সবাই মানসিকভাবে প্রস্তুত। আমরা আত্মবিশ্বাসী। আমরা প্রস্তুত থাকব, সেখানে গিয়ে অ্যাটলেটিকোর সাথে লড়াই করতে চাই।’
‘আমাদের কোন অলৌকিক ঘটনার প্রয়োজন নেই। আমাদের সেরা ফুটবলটা খেলতে হবে। প্রথম লেগে নিয়ন্ত্রণ রেখেছিলাম। অনেককিছুই সম্ভব। অ্যাটলেটিকো একটি দুর্দান্ত দল, কিন্তু আমরাও তাই।’
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

