অপ্রাপ্তবয়স্ক শিশুদের পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত, সংরক্ষণ ও প্রচারের অভিযোগে মো. এখলাছ আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তিনি গাজীপুরের হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আইটি বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল রোববার টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সেসময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়, যার ভেতরে একাধিক শিশু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়।
আজ সোমবার (২ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানায়, ইন্টারপোলের ক্রাইম অ্যাগেনস্ট চিলড্রেন ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে সিআইডি জানতে পারে। পরে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করে।
বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, আসামি মো. এখলাছ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২) করা হয়েছে।









