সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। খুলেছে বন্ধ থাকা পোশাক কারখানাগুলো, যোগ দিয়েছেন শ্রমিকরা। কারখানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী ও পুরুষ শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন।
কারখানার মালিকরা বলছেন, কয়েকদিনের শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেক সময় লাগবে।
শিল্প পুলিশ জানিয়েছে, কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশের টহল রয়েছে। শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভিন্ন গার্মেন্টেস এর সামনে পাহারা বসিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।









