জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৫ সদস্য গ্রেপ্তার

আটক জঙ্গি সদস্যদের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বাংলাদেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম
ইউনিট (এটিইউ)। গ্রেপ্তাররা হলেন- মো. মশিউর রহমান ওরফে রাসেল (৩৭), আবু সুফিয়ান (২০), সালাউদ্দিন (৪৩), আলাউদ্দিন (৩১) ও মো. জুলহাস হোসেন ওরফে জুলাস (২৫)।
শনিবার (২৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ সাংগঠনিক দলিলাদি জব্দ করা হয়।
রোববার (২৬ নভেম্বর) এটিইউ’র অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স) এস এম হাসনুল জাহিদ বলেন, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় সদস্য। তারা জনসাধারণের উগ্রবাদী মতার্দশ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকসহ বিভিন্ন পরিকল্পনা করে আসছিলো।
গ্রেপ্তারদের মধ্যে মশিউর রহমান, আবু সুফিয়ান ও আলাউদ্দিন ‘আল্লাহর দল’র জেলা নায়ক উল্লেখ করে তিনি বলেন, সালাউদ্দিন জেলা প্রতিনিধি এবং মো.জুলহাস হোসেন ওরফে জুলাস সদস্য হিসেবে সংগঠনকে সমর্থন, সংগঠনের জন্য চাঁদা প্রদান ও চাঁদা উত্তোলন, পরিকল্পনা ও প্ররোচনার দায়িত্ব পালন করে আসছিল। তারা ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সদস্য সংগ্রহ ও চাঁদা আদায়ের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা করতো।
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।







