মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বিসিবিতে গণমাধ্যমকর্মীদের প্রবেশের উপর বিধিনিষেধ দিয়েছে বোর্ড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতেই এমন বিধিমালা কার্যকর করেছে বিসিবি। এ বিষয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক এবং ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হকের মতে, বোর্ডের কাজটি প্রশ্নবিদ্ধ এবং এটি অনভিজ্ঞতার ফল।
মিরপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ বিষয়ে কথা বলেন। সাবেক এ গোলরক্ষক বলেছেন, ‘দেখেন আমি বলি আমাদের বর্তমান যে ক্রিকেট বোর্ড এটি প্রশ্নবিদ্ধ। ক্রিকেট বোর্ডে সঠিক প্রক্রিয়ার ভিতরে কিন্তু নির্বাচিত হয়নি। যেখানে প্রশ্ন থাকে সেখানে তাদের অনভিজ্ঞতা অবশ্যই থাকবে।’
‘কারণ যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছেন, দুই একজন ছাড়া তাদের বিগত সময় ক্রিকেট বোর্ড পরিচালনা করার মত অভিজ্ঞতা ছিল না। যার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আশাকরি আমরা এই ক্রিকেট বোর্ডের সাথে, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, ভবিষ্যতে বসে সমাধান করব।’
বিসিবির বিধিনিষেধ বিজ্ঞপ্তিতে চারটি বিষয় উল্লখে করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা শুধু নির্দিষ্ট কিছু উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। যার মধ্যে রয়েছে ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বিসিবি কর্তৃক জানানো নির্দিষ্ট অনুশীলন বা প্রশিক্ষণ সেশন।









