বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

একজন যুবককে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করছে, পিস্তলসহ গ্রেপ্তার, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ
নাটোরে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর উপস্থিতিতে আয়োজিত এক পথসভায় পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক নাটের শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের পাশেই দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহজনক আচরণ করায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক যুবককে আটক করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয়। ওই যুবকের সাথে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আসার সময় তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে।
তিনি জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।






