শিক্ষার্থীদের টিউশন ফি গ্রহণ, চাকরি প্রার্থীদের আবেদন ফি গ্রহণ, উপবৃত্তি ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য নগদ-এর সাথে একটি চুক্তি করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
ঢাকার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসে সম্প্রতি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একেবারে ন্যুনতম খরচে নিজেদের টিউশন ফি প্রদান করতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যারা চাকরির আবেদন করবেন, তারাও নগদ এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এবং বিভিন্ন ভাতাও নগদের মাধ্যমে প্রদান করা হবে।
এই পুরো সেবায় নগদ কেবলমাত্র তার ব্যয়ের চার্জ ব্যাতীত অন্য কোনো চার্জ আরোপ করবে না। ফলে এটা লেনদেনকারীর জন্য একটা বড় সুবিধা হবে।
‘নগদ’ এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক মোঃ সাফায়েত আলম এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান।
এই চুক্তি সম্পর্কে নগদের নির্বাহী পরিচালক মোঃ সাফায়েত আলম বলেন, আমরা চাই দেশের সব মানুষ তাদের লেনদেনের বিড়ম্বনা থেকে মুক্ত হয়ে ডিজিটাল উপায়ে এই সেবা গ্রহণ করবেন। আর এজন্য ছাত্রছাত্রীদের কাছে আমাদের সেবাকে পৌঁছে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ লক্ষ্যেই এই চুক্তিটি করেছি। নামমাত্র খরচে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা এই সেবা দিতে যাচ্ছি।
এই চুক্তি সম্পর্কে বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিউশন ফি জমা দেয়া থেকে শুরু করে উপবৃত্তি বিতরণ বা কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রহণ একটা জটিল ব্যাপার। কিন্তু নগদের মাধ্যমে এই কাজটি করা হলে আর ব্যাংকে ছোটাছুটি করতে হবে না। সবাই নিজের মোবাইলেই এসব কাজ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আব্দুল বাসেত।







