সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আমরা ট্রেনের ছাদে যাত্রী ওঠার বিষয়ে নিরুৎসাহিত করছি। আবারও বলছি, ছাদের ওপর কোনো যাত্রী উঠবে না। জানালা দিয়ে ট্রেনে ভেতরে ঢোকা যাবে না। এটা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদপূর্ব যাত্রীসেবা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা এসেছি আমাদের একটা দায়বদ্ধতা থেকে। আমাদের ভাই-বোনেরা গ্রামে যাবেন, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন। এই যাত্রাটা যাতে কষ্টকর না হয়, সে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’
ট্রেনের সময়সূচি ঠিক রাখা নিয়ে তিনি বলেন, ‘এখন ঈদযাত্রা মানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেনটা সময়মতো ছেড়ে যাওয়া। আমি খোঁজ নিয়েছি, সবগুলো ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে।’
ঈদযাত্রা কতটা স্বস্তির—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘শতভাগ স্বস্তি বলা যাবে না, কিন্তু যাত্রীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।’
নতুন ট্রেন সংযোজন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদের লোকোমোটিভ সংকট রয়েছে। তা সত্ত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়িয়েছি। ৪৪টি অতিরিক্ত কোচ এবং ঈদ উপলক্ষে ৫টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। আশা করছি, আরও নতুন কোচ আসবে। সেগুলো এলেই আমরা ট্রেনের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি আরও বাড়াতে পারব।’









