সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম, যার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় আইকিউএয়ার-এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ৩৭৬, যা বায়ুমান মাপকাঠিতে ‘দুর্যোগপূর্ণ’ বা সবচেয়ে খারাপ অবস্থা নির্দেশ করে।
অন্যদিকে, রাজধানী ঢাকার স্কোর পাওয়া গেছে ১০১। এই স্কোরটিকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ু দূষণে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (স্কোর ২৮২)। এরপরে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ১৯৯) এবং পাকিস্তানের করাচি (স্কোর ১৩৭)।
সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর অনুযায়ী বাতাসের গুণাগুণ নিম্নরূপ:
- ০ – ৫০: ভালো
- ৫১ – ১০০: মাঝারি বা সহনীয়
- ১০১ – ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১ – ২০০: অস্বাস্থ্যকর
- ২০১ – ৩০০: খুবই অস্বাস্থ্যকর
- ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ








