শিখদের গণহত্যার ‘প্রতিশোধ’ নিতে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর আগাম হুমকি দিলেন ভারতের নিষিদ্ধ খলিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে) এর নেতা গুরুপতবন্ত সিং পান্নুন।
আজ (২১ অক্টোবর) সোমবার একটি প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, যাত্রীদের সতর্ক করে পান্নুন জানিয়েছেন, আগামী ১ থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়া বিমানে যাত্রা না করেন। তবে কী ধরনের হামলা চালানো হতে পারে, তার উল্লেখ করেননি ওই খালিস্তানি নেতা। গত বছর নভেম্বরেও একইরকম ভাবে এয়ার ইন্ডিয়া বিমানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন।
গত সোমবার থেকে এই কয়েক দিনে ৭০টিরও বেশি এমন হুমকিবার্তা পেয়েছে বিভিন্ন ভারতীয় বিমান সংস্থা। গত সাত দিনে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, আকাসা এয়ারলাইন্সের একের পর এক স্থানীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে। তবে এখনও পর্যন্ত সবগুলোই ভুয়া প্রমাণিত হয়েছে। সেই আবহেই পান্নুনের হুমকি নতুন করে ভাবাচ্ছে ভারতকে।
বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে বৈঠকের পর বিসিএএস-এর ডিরেক্টর জেনারেল জ়ুলফিকর হাসান যাত্রীদের উদ্দেশে জানান, ভারতের আকাশসীমা সম্পূর্ণ নিরাপদ। যাত্রীদের তিনি আশ্বস্ত করেছেন, কোন ভয় ছাড়াই বিমানযাত্রা করতে পারেন তারা। তবে পান্নুনের হুমকি নিয়ে তারা কী পদক্ষেপ করছে তা এখনও জানা যায়নি।
সম্প্রতি কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতার রহস্যজনক মৃত্যু হয়। এর জেরে কানাডাসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা খালিস্তানি সংগঠনগুলো তীব্র ভারত বিরোধী বিক্ষোভ সমাবেশ করে। গুরপতওয়ান সিং পান্নুন বারবার ভারত সরকারকে হুমকি দিয়ে আসছেন।









