মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধার ও রেল লাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টায় আখাউড়া রেলওয়ে জংশনের নির্বাহী প্রকৌশলী মেহেদী আহসান আহম্মেদ তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ করার পর রেললাইন মেরামত, স্লিপার বসানো ও টেকনিক্যাল কাজ শেষে ঢাকামুখী আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলাকালীন সময়ে আপলাইনে ট্রেন চলাচল না করলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
অন্যদিকে দুর্ঘটনা তদন্তে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো: খাইরুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কাছে জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায় গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।








