আফগানদের চেপে ধরেছেন সাকিবরা

Cricket players in action on the field, with the wicketkeeper diving to stop the ball. Channel i News – চ্যানেল আই নিউজ
মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুটা রাঙাতে পারেনি আফগানিস্তান। কিপটে বোলিংয়ে তাদের চেপে ধরে ২ উইকেট তুলেছে সাকিব আল হাসানের দল। পঞ্চম ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দিয়েছেন অধিনায়ক নিজেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৮ রান। ২৬ বলে ২৩ রান করে ফিরে গেছেন হযরতউল্লাহ জাজাই। ১১ রান করে উইকেটে আছেন ইব্রাহিম জাদরান, সঙ্গী ২ রানে থাকা মোহাম্মদ নবী।
এর আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব। টপ অর্ডারের ব্যর্থতায় রানটা ১২৭-এর বেশি নিতে পারেনি টাইগাররা।
শুরুর ৪ ব্যাটারের মধ্যে দুই ডিজিট ছুঁতে পেরেছেন কেবল সাকিব। অধিনায়ক অবশ্য টিকতে পারেননি বেশিক্ষণ। ৯ বলে ১১ রান করে ফেরার পর মুশফিকুর রহিমও আউট হয়েছেন দ্রুত। ৬.২ ওভারে তখন ৪ উইকেটে সংগ্রহ মোটে ২৮ রান। পাওয়ার প্লে’তে আরও একবার ব্যর্থ বাংলাদেশকে পথ দেখান মোসাদ্দেক হোসেন সৈকত।
৩১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে মোসাদ্দেক এনে দিয়েছেন মাঝারি পুঁজি। মাহমুদউল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫, শেখ মেহেদী ১২ বলে ১৪ ও আফিফ হোসেন ১৫ বলে করেছেন ১২ রান।
শুরুর ৩ উইকেট নিয়ে বাংলাদেশের রানের চাকা থামিয়ে দেন মুজিব উর রহমান। পরে রশিদ খানকে সামলাতেও বেগ পেতে হয়। বিশ্বসেরা লেগ স্পিনারও নেন ৩ উইকেট।







