জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছোট পর্দার অভিনেত্রী ও বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শায়লা সুলতানা সাথীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে সূত্রাপুর থানা পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বরের সামনে দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত এ শ্লীলতাহানি করেন।
অভিযুক্ত শিক্ষার্থী জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম নাহিদ বলেন, আমরা অভিযোগ পেয়ে ওই ছেলেকে আটক করি। ভুক্তভোগীও থানায় এসেছিল মামলা করতে কিন্তু তাদের কাছে সবকিছু শোনার পর দেখলাম ঘটনাস্থল কোতোয়ালি থানার অধীনে। তাই আমরা মামলা না নিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে কোতোয়ালিতে প্রেরণ করি।
ভুক্তভোগী বলেন, ‘ছেলেটি অনেক দিন ধরে আমাকে জ্বালাতন করছিল। মেসেঞ্জারে বাজে বাজে অকথ্য ভাষায় মেসেজ দিত। কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্ত চত্ত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এসময় মেহেদী হাসান সৈকত নামের ওই ছেলেটি আমার পেছন থেকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এরপর আমি ভয় পেয়ে আমার পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত।’
তিনি আরও বলেন, আমি মিডিয়ায় অভিনয়ের কাজ করি। ক্যাম্পাসে আমার ফ্যান ফলোয়াররা দাঁড়ানো ছিল। এসময় আমাকে স্পর্শ করেছে। আমি শকড হয়ে গেছি, সুস্থ মস্তিষ্কের কেউ এমন করতে পারে না। এই ক্যাম্পাসে আমি নিরাপদ কিনা জানি না। এ ঘটনায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই। আমি মামলা করতে থানায় যাচ্ছি।
ওই ছাত্রীর শ্লীলতাহানি প্রতিবাদ করায় মারধরের শিকার নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিলাস দাস বলেন, আমার ব্যাচমেট বান্ধবী নিজের ছবি ও ভিডিও করছিল। এসময় সৈকত তার সাথে বাজে আচরণ করে শ্লীলতাহানি করে। পরে বান্ধবী ভয় পেয়ে আমাকে বিষয়টি জানালে আমাকেও সৈকত নামে এক বছরের জুনিয়র ওই ছেলে আমার গায়ে হাত তোলে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সহকারী প্রক্টরের সামনে বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না। এরপর সৈকত ক্ষমা চেয়ে মুচলেকা দিতেও রাজি হন।
সৈকতের সাথে যোগাযোগ করা হলে সে আর কিছু বলতে চায়নি।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন এ বিষয়ে বলেন, ‘সে ছাত্রলীগের কেউ না। ছাত্রলীগের কোনো কর্মসূচিতেও সে অংশগ্রহণ করেনি। এর আগে একদিন সে অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম। এরপর তার বাবাসহ ক্যাম্পাসে এসে আমার সাথে ছবি তুলেছিল। সে এমন অপকর্ম করে থাকলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি তার শাস্তির দাবি জানাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার বিঘ্ন ঘটায় এমন কোনো কাজ ছাত্রলীগ মেনে নিবে না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা লিখিত বক্তব্য পেয়েছি। সিসি ক্যামেরা দেখা হবে। অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শায়লা সাথী এসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে পথচলা শুরু। এরপর কাজ শুরু করেন মিউজিক ভিডিও ও নাটকে। বর্তমানে এ অভিনেত্রী নিজেকে ব্যস্ত রেখেছেন ছোট পর্দায়। তোকে বউ বানাব, আই হেট ইউ, গার্লফ্রেন্ডের বিয়ে- এর মতো নানা জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করে সুনাম অর্জন করেছেন।







