বিনোদন

ভোটাধিকার পেয়েই নিপুণ-ডিপজলের প্রতিদ্বন্দ্বী সেই শ্রাবণ

শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সেক্রেটারি পদপ্রার্থী শ্রাবণ শাহ্

শ্রাবণ, নিপুণ ও ডিপজলের প্রতিদ্বন্দ্বী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রাবণ, নিপুণ ও ডিপজলের প্রতিদ্বন্দ্বী ছবির মধ্যে শ্রাবণ কেন্দ্রীয়ভাবে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছিলেন অভিনেতা শ্রাবণ শাহ্‌। গেল সপ্তাহে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। পরে তাকে শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। ভোটাধিকার ফিরে পাওয়া সেই শ্রাবণ শাহ্‌ই এবার সেক্রেটারি পদপ্রার্থী হলেন।

শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ নেয়ার জন্য রবিবার দুপুরে সেক্রেটারি পদে নমিনেশনও কিনেছেন শ্রাবণ। নির্বাচন কমিশন সদস্য এজে রানা, বিএইচ নিশানের হাত থেকে নমিনেশন ফরম কেনেন শ্রাবণ।

ফলে তিনি দুই হেবিওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের  সঙ্গে সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবণ। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে তোকে ভালোবাসতেই হবে, ইঞ্চি ইঞ্চি প্রেম, দাবাং, অশান্ত মেয়েসহ একাধিক ছবি।

চলচ্চিত্রের পাশাপাশি অভিনেত্রী নাসরিনের সঙ্গে স্টেজ শো-এর পরিচিত মুখ শ্রাবণ শাহ্‌। বছর জুড়ে শ্রাবণ ও নাসরিন জুটি বেঁধে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করে থাকেন।

কদিন আগে শ্রাবণ অভিযোগ করেছিলেন নিপুণ তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য ভোটার তালিকায় নাম রাখেননি। সদস্যপদ ফিরে পেয়ে অনেকটা জেদ করেই তিনি নির্বাচনে সেক্রেটারি পদে অংশ নিচ্ছেন শ্রাবণ।

চ্যানেল আই অনলাইনকে শ্রাবণ বলেন, নিপুণ আপা আমার কাছে অনেক সম্মানের স্থানে। তিনি বলেছেন আমি নাকি নির্বাচনে অংশ নেব তাই আমার সদস্যপদ বাতিল করেছেন। তাকে সম্মান করি। এজন্য তার মুখ দিয়ে যেহেতু এমন কথা এসেছে তাই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।

”শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার অধিকার যে কোনো শিল্পীর আছে। প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি। আর সবাই পরিবর্তনে বিশ্বাসী। শিল্পীরা পরিবর্তন চাইলে আমাকে ভোট দেবে। তবে যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি এজন্য প্রস্তুত হয়েছি।”

‘আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছিল। সদস্যপদ পেয়ে অস্বিত্ব ফিরে পেয়েছি। এখন আগের মতো কেন থাকবো? আমি এগিয়ে যেতে চাই। এ কারণে সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আমার বিশ্বাস, যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেমন। নির্বাচনে হয়তো আরও কিছুর মুখোমুখি হবো। সব অভিজ্ঞতা ভবিষ্যতে কাজ লাগবে।’

আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথ আছে শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে দুই প্যানেল থেকে সভাপতি সেক্রেটারি হচ্ছেন মাহমুদ কলি এবং নিপুণ আক্তার; আরেকটি প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

বিষয়:নিপুণ আক্তারমনোয়ার হোসেন ডিপজলমাহমুদ কলিমিশা সওদাগরলিড বিনোদনশিল্পী সমিতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…