রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক কনস্টেবল কাউসার নিহত হয়েছেন। বাকবিতণ্ডার জেরে তাকে গুলি করেন কনস্টেবল মনির। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি।তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী পুলিশ সদস্য মানসিক বিকারগ্রস্ত।
জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বাকবিতণ্ডা চলছিল কনস্টেবল মনির ও কনস্টেবল কাউসারের মধ্যে। সেটার জের ধরে এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল বের করে কাউসারকে গুলি করেন মনির।
এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে পুলিশ সদস্য। আমরা এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, কে বা কারা এজন্য দায়ী তা এখনো জানা যায় নি। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, এ ঘটনার পর পর পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। হ্যান্ডমাইকের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যকে আত্মসমর্পণ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।









