সারজিস আলমের নতুন ‘সতর্ক বার্তা’

জনতা ও পুলিশ মুখোমুখি, প্রতিবাদ ও সমর্থন প্রকাশের দৃশ্য, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News – চ্যানেল আই নিউজ
কিছু বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ সতর্ক বার্তা দেন।
ফেসবুক পোস্টে সারজিস লেখেন, আমার সঙ্গে কারো ছবি আছে মানেই সে আমার পরিচিত বা কাছের কেউ এমন নয়। কেউ যদি আমার সঙ্গে তার ছবি বা সংশ্লিষ্ট কিছু দেখিয়ে কোন সুপারিশ করে, তবে সে বিষয়টিকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।
তিনি আরও লিখেছেন, ব্যক্তিগতভাবে সুপারিশ আমি পছন্দ করি না। যোগ্য মানুষগুলো তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় যাবে, এমন স্বপ্নই আমি সবসময় দেখি এবং এটাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে প্রাসঙ্গিক। কোথাও কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় বিষয়ে কথা বলার প্রয়োজন হলে আমি নিজে দায়িত্ব নিয়ে কথা বলি। অন্য কাউকে দিয়ে কথা বলানো বা সুপারিশ পাঠানো এ সব কাজ আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।
প্রতারক, ভণ্ড ও সুবিধাবাজদের থেকে সাবধান হওয়ার কথা উল্লেখ করে সারজিস লেখেন, কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু বলে বা করার চেষ্টা করে তাহলে বলবেন—সরাসরি আমার সঙ্গে কথা বলিয়ে দিতে। তখনই সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে পারবেন।







