ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ক্ষতিগ্রস্ত অংশ ও নিহত যাত্রীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
কুমিল্লার বুড়িচংয়ের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন, বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় অবৈধ ক্রসিং দিয়ে যাত্রীবাহী অটোরিকশা পার হওয়ার সময় ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।







