সময় যত ঘনিয়ে আসছে ২০২৬ বিশ্বকাপ নিয়ে উম্মাদনা বাড়ছে। একদিন পর বসবে তিন দেশ নিয়ে আয়োজিত হতে চলা ৪৮ দলের আসরের ড্র। ৫ ডিসেম্বর রাতে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠান। তার আগে বর্তমান বিশ্বজয়ী আর্জেন্টিনার জন্য আগামী আসর সহজ হবে না বলে বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।
চারটি পটে ভাগ করা হবে দলগুলোকে, ড্রয়ে ১২টি গ্রুপে বসবে দেশগুলো। কোন দল কার সাথে খেলবে জানা যাবে ড্রয়ে।
তার আগে মেসি বলেছেন, ‘আর্জেন্টিনা আবারও চেষ্টা চালাবে বিশ্বকাপ জয়ের জন্য। সবটুকু দিয়েই মাঠে লড়াই করবে। কিন্তু বিশ্বকাপের মতো আসরে ছোট ছোট কারণেও দল বাদ পড়ে যেতে পারে।’
‘এই যেমন ধরেন, পোস্টে লেগে বল ঢুকে গেল, আপনার আসরটি শেষ। এমনকি পেনাল্টিতে হারলেও স্বপ্ন শেষ বিশ্বকাপের।’
মেসি নিশ্চিত করেছেন, শতভাগ ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপে মাঠের মহারণে দেখা যাবে তাকে।
‘বিশ্বকাপে খেলা অসাধারণ একটি ব্যাপার। আমি সেখানে থাকতে চাই দলের সঙ্গে। যদি নিজেকে ভালো জায়গায় অনুভব করি ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, ঠিক তাহলেই খেলতে চাই।’
মহাতারকা পাঁচটি বিশ্বকাপে আর্জেন্টিনা জার্সিতে খেলেছেন। ২৬ ম্যাচে ১৩ গোল ও ৮ অ্যাসিস্ট তার। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আসরে ছিলেন সবচেয়ে সফল। সাত গোল ও দুই অ্যাসিস্টে মাতিয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপ। নকআউটে প্রত্যেক ম্যাচেই গোল করেছেন মেসি।









