গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারের পর তাদেরকে দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (৫ মে) দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২ মে) রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে ওই দুই মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে মিজোরাম পুলিশ। গ্রেফতার দুজনের নাম চেকুন ও সারন।
তাদের বিরুদ্ধে অভিযোগ- মিজোরামের রাজধানী আইজলে পৌঁছে তারা কেএনএ/এফ জঙ্গিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগেরও অভিযোগ রয়েছে।
ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে প্রতিবেদনে বলা হয়, মোট চারজন মার্কিন নাগরিক পর্যটন ভিসায় ২ মে আইজলে যান। তারা চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএ/এফ) সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছে।
আটকরা কেএনএ/এফ- এর নেতা নাথান বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বাংলাদেশের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ও এর সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
চারজনের দু’জনকে গ্রেফতার করা হলেও অপর দুজনের অবস্থান কিংবা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।









