শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে একসময় অত্যন্ত প্রাণবন্ত ছিল পর্যটন শহর শ্রীমঙ্গল।
নিয়মিত আয়োজনের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক অঙ্গন ছিল সক্রিয়। কিন্তু দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সাংস্কৃতিক কার্যক্রম না থাকায় অনেক সংগঠন বর্তমানে স্থবির হয়ে পড়েছে। এতে শ্রীমঙ্গলের সাধারণ মানুষও নিয়মিত সাংস্কৃতিক আয়োজন থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থবির হয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চারের উদ্দেশ্যে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব ২০২৬ আয়োজন করা হচ্ছে। মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে আগামী ২৭ ও ২৮ মার্চ এ উৎসব অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার প্রাঙ্গণে।
স্বাধীনতা দিবস উদযাপন পরিষদ ২০২৬, শ্রীমঙ্গলের মুখপাত্র, নাট্যকর্মী দেলোয়ার হোসেন জানান, উৎসবে শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৮টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করবে।
তিনি জানান, তাদের লক্ষ্য শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়; বরং শ্রীমঙ্গলের সাংস্কৃতিক চর্চাকে আবারও সক্রিয় করে তোলা। পাশাপাশি অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর সাংস্কৃতিক চর্চার দিকে এগিয়ে নিয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা।
উৎসব কমিটির সদস্য সচিব গোবিন্দ রায় সুমন আরও বলেন, শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণে এই আয়োজন সফল ও সার্থক হবে বলে তারা আশাবাদী। এই উৎসবের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হবে বলেও প্রত্যাশা প্রকাশ করেন তিনি।








