রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী টেলি সুমন ওরফে সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত করে আসছিল। পরে ২৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সুমন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনসহ মূলহোতাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আজ দুপুরে উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান-১ পুলিশ প্লাজার উত্তর-পশ্চিম পার্শ্বে ডা. ফজলে রাব্বি পার্কের পূর্ব দিকের রাস্তার পাশের বেঞ্চে বসে বিশ্রাম করাকালে সুমনকে লক্ষ্য করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এলোপাতাড়ি গুলি শুরু করে।
তখন জীবন রক্ষার্থে সুমন দৌড়ে গুলশান শুটিং ক্লাবের দিকে যাওয়ার সময় রোড ডিভাইডারের কাছে পড়ে যায়। গুলির শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন শুক্রবার রাতে নিহত সুমনের স্ত্রী মৌসুমী আক্তার গুলশান থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা (নং-৩২) করেন।









