রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশের এলাকা থেকে দলের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি। শনিবার (১৯ আগস্ট) রাত ১টা ও রাত ৩টায় দু’দফা সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাতে দলীয় কার্যালয়ে আসেন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
রাত পৌনে ১টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা আব্বাস বলেন, কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি বেড়ে যাওয়ার খবর পেয়ে তারা এসেছেন, এখনও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। গয়েশ্বর চন্দ্র রায়ও গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন।
পরে রাত ৩টায় সেখানে সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গ্রেপ্তার সবাইকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।









