ক্রিকেট

নৌকার মনোনয়নপত্র জমা দিলেন সাকিব

সাকিব নৌকার মনোনয়নপত্র জমা দিচ্ছেন, রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব নৌকার মনোনয়নপত্র জমা দিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সাকিবের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু।

মনোনয়ন জমা দেয়ার পর মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সাকিবের মনোনয়নপত্র জমা দেয়ার পর মাগুরা-১ আসনের বর্তমান এমপি সাইফুজ্জামান শিখর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসানকে মনোনয়ন দেয়ার পর আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। আমরা খুবই আশাবাদী যে সাকিবকে মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাব।’

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গত ১৮ নভেম্বর মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০ আসন থেকে মনোনয়নপত্র কেনেন সাকিব আল হাসান। পরে ২১ নভেম্বর দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাগুরা-১ আসন থেকে নৌকার মনোনয়ন পান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব।

বুধবার ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে দুপুর ২টার দিকে মাগুরা পৌঁছান সাকিব। পথে গড়াই নদীর কামারখালী ব্রিজ এলাকায় উপস্থিত জনতা ও দলীয় নেতাকর্মী-সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত শুভেচ্ছা জানান।

কালো রঙের একটি ছাদখোলা গাড়িতে সড়ক অতিক্রম করার সময় দু’পাশ থেকে জনতার ঢল ফুলের পাপড়ি ছিটিয়ে সাকিবকে বরণ করে নেন। হাস্যোজ্জ্বলভাবে ও সাবলীল ভঙ্গিতে অভিবাদন গ্রহণ করেন মাগুরার কৃতী এ সন্তান। মাগুরার ঢাকারোড় বাসস্ট্যান্ড হয়ে সাকিব জামরুলতলায় দলীয় কার্যালয়ে আসেন। দলীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সাকিব বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে অনন্য মডেল। সংসদ সদস্য নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারব, এরচেয়ে গর্বের কিছু নেই। মাগুরা-১ আসনের বিষয়ে জননেত্রী শেখ হাসিনা আমাকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমি মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন সাইফুজ্জামান শিখরের হাত ধরে এই নির্বাচনী এলাকায় সমস্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই। তিনি অনেক কষ্ট করে মাগুরাকে সাজিয়েছেন। দল ও সাইফুজ্জামান শিখর, অপর সংসদ সদস্যকে সাথে নিয়ে আমরা একসঙ্গে কাজ করব।’

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমাগুরা-১লিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…