জনপদ

মাটির নিচে পানির ট্যাংকিতে মিললো ১০ হাজার লিটার জ্বালানি তেল

মাটির নিচে পানির ট্যাংকিতে মিললো ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার ৭ মার্চ দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এবং উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

তেল মজুতের দায়ে দণ্ড পাওয়া রুবেল হোসেন (৩৪) সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্সের’ মালিক।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুপুরে ভাটোপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়।

খোলা জায়গায় অবৈধভাবে ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের দায়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মজুত করা তেল আগামী দুই দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

ইউএনও বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে এক ব্যক্তির জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।

এদিন উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে তিন কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করেন নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

বিষয়:১০ হাজার লিটার জ্বালানি তেলঅবৈধভাবে তেল মজুতনাটোরের সিংড়াভোক্তা অধিকার সংরক্ষণ আইনহাতিয়ান্দহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…