নরসিংদীতে নদী-বাংলা গ্রুপের একটি নির্মাণাধীন বহুতল ভবনের ১৩তলা থেকে পড়ে গিয়ে পলাশ চন্দ্র রায় (২০) নামে একজন শ্রমিক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
আজ শনিবার সকাল ৯টার দিকে শহরের পৌরসভা সংলগ্ন নদী-বাংলা সেন্টার পয়েন্ট নামের ১৭ তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ দিনাজপুরের খানসামা এলাকার নিরেন রায়ের ছেলে। আহত অপর শ্রমিকের নাম সম্পদ (২২)। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। দুইজন শ্রমিকই গত তিনমাস ধরে ভবনটিতে কাজ করে আসছিলেন।
বহুতল ভবনটির প্রজেক্ট ম্যানেজার জাহাঙ্গীর হোসাইন জানান, ভবনের দেয়ালে আস্তরের কাজ করার সময় দুজন শ্রমিক ১৩ তলা থেকে পড়ে যান। ৯টার দিকে হঠাৎ ধপাস শব্দ শুনতে পাওয়ার পর প্রথমে মনে করা হয়েছিল ময়লা বা কোন কিছু হয়তো ফেলা হয়েছে বা পড়ে গেছে। মিনিটখানেক পর কয়েকজন শ্রমিকের চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি দুজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পরপরই জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পলাশ চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন এবং সম্পদ নামের অপর আহত শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করেন। বর্তমানে সম্পদ পঙ্গু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
বহুতল ভবনের রাজমিস্ত্রি বিকাশ চন্দ্র রায় জানান, ১৩ তলার ওই ফ্লোরে দুই ভাগে ভাগ হয়ে মোট চারজন শ্রমিক লিফটের জন্য নির্মিত ফাঁকা জায়গায় দেয়াল আস্তরের কাজ করছিলেন। দুজন ঠিক কী কারণে বা কীভাবে নিচে পড়ে গেলেন তা অন্য দু’জন বলতে পারছেন না। শ্রমিক সম্পদের অবস্থাও খুব একটা ভালো নয়। কথা বলার মত পরিস্থিতি তার নেই। সে সুস্থ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কাশেম ভূঁইয়া জানান, বহুতল ভবন থেকে পড়ে হতাহতের কোন খবর আমাকে কেউ জানাননি। এই ধরণের কোন অভিযোগও আমাদের কাছে আসেনি। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।







