ক্রিকেট

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মালিক

২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন মালিক

১৯৯৯ থেকে ২০১৯- সময়ের হিসাবে দুই দশক। দীর্ঘ পথচলা আর উত্থান-পতনের শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন শোয়েব মালিক। শুক্রবার বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের পর ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন পাকিস্তান অলরাউন্ডার।

বিশ্বকাপের প্রথম দিকে কয়েকটি ম্যাচে একাদশে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি ৩৭ বছর বয়সী মালিক। শেষ চারটি ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। বাংলাদেশের বিপক্ষেও ছিলেন উপেক্ষিত। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম শোয়েবের ঘনিষ্ঠজনের বরাতে জানায়, বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলতে চেয়েছিলেন তিনি। মাঠ থেকেই বিদায় বলতে চেয়েছিলেন সাবেক অধিনায়ক। একাদশে জায়গা না পাওয়ায় আক্ষেপ সঙ্গী করেই বিদায় বলে দিলেন।

নিজের তৃতীয় বিশ্বকাপ খেলা মালিক এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ রান করেন। পরে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হন। তার জায়গায় সুযোগ পাওয়া হারিস সোহেল দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামে সরফরাজের দল।

১৯৯৯ সালের অক্টোবরে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মালিকের। ওয়ানডেতে ২৩৭ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৪৪ হাফসেঞ্চুরিতে ৭,৫৩৪ রান করেছেন। সেইসঙ্গে ১৫৮ উইকেট আছে তার নামের পাশে। পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট ও ১১১টি টি-টুয়েন্টিও খেলেছেন মালিক। ভারতের বিপক্ষে ‘শূন্য’ রানে ফেরা ম্যাচটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল তার।

বিষয়:বিশ্বকাপ-২০১৯শোয়েব মালিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…