১৫ হাজার রোহিঙ্গাকে বালুখালী ক্যাম্পে স্থানান্তর

রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পের বিশাল বসতি, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে উখিয়ার পালংখালী সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেয়া ১৫ হাজার রোহিঙ্গাকে বৃহস্পতিবার বালুখালী ক্যাম্পে নেয়া হয়েছে।
কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইকবাল আহমেদ জানান: ইউএনএইচসিআর, আইওএম, এমএসএফ ও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার মানবিক সহায়তায় রোহিঙ্গাদের বালুখালী ক্যাম্পে সরিয়ে নেয়া হয়েছে।
মেজর ইকবাল বলেন: মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৫ হাজার রোহিঙ্গা গত ৪ দিন ধরে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টে শূণ্যরেখায় আশ্রয় নেয়। এসব রোহিঙ্গাদের খাবার ও চিকিৎসাসহ নানা ধরণের মানবিক সহায়তা দেয়া হয়েছে।’
বিজিবি কর্মকর্তা ইকবাল জানান: রোহিঙ্গারা কোন ধরণের অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ অন্যান্য অবৈধ কোন জিনিসপত্র এনেছে কি না তা তল্লাশী করা হয়। আরআরসি, ইউএনএইচসিআর, আইওএম ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা রোহিঙ্গার কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ শেষ করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।







