স্পোর্টস

১১৭২ দিন পর মুমিনুলের সেঞ্চুরি

১১৭২ দিন পর মুমিনুলের সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। তিনি সর্বশেষ সেঞ্চুরি করেন ২০১৪ সালের ১৫ নভেম্বর। জিম্বাবুয়ের বিপক্ষে, টেস্টের চতুর্থ দিন। এর ভেতর একটি লিপইয়ার গেছে। সেই হিসাবে ১১৭২ দিন পর সেঞ্চুরি করলেন মুমিনুল।

মুমিনুল এদিন ৯৬ বলে সেঞ্চুরি পান। যা বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম টেস্ট শতক। ৯৪ বলে সেঞ্চুরি আছে তামিম ইকবালের। মুমিনুল এদিন নিজের রেকর্ড ভেঙেছেন। এর আগে এই মাঠে ৯৮ বলে সেঞ্চুরির রেকর্ড আছে তার।

ত্রিদেশীয় সিরিজের উইকেট নিয়ে তুমুল আলোচনার পর চট্টগ্রামে স্কোরিং উইকেটের দেখা মিলেছে। দ্বিতীয় সেশন নাগাদ দুই উইকেট হারিয়ে ২৫০ রান তুলেছে বাংলাদেশ। দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম (৪৭) এবং মুমিনুল হক (১০৭) অনায়াসে ব্যাট করে যাচ্ছেন।

দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় ফিফটি তুলে নেন মুমিনুল হক। পঞ্চাশে যেতে খেলেন ৫৯ বল।

টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল চালিয়ে খেলতে থাকেন। ৫৩ বলে ৫২ করে বিদায় নেন। ৭৫ বলে ৪০ করে যান ইমরুল।

প্রথম সেশনে দুই উইকেট হারালেও মুমিনুল-মুশফিক উইকেটে পড়ে থাকেন। দুজনে ১৩০ রানের জুটি গড়েছেন।

বাংলাদেশ এদিন তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে। চার বছর পর স্কোয়াডে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক একাদশে সুযোগ পাননি। স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম। স্পিন সামলাতে তাদের সঙ্গী সানজামুল।

জাতীয় দলের জার্সিতে ৩টি ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হল ২৮ বছর বয়সী সানজামুলের। ৫টি আন্তর্জাতিক উইকেট আছে তার। তবে ৬০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ২২৪ ও ৭২টি লিস্ট-এ ম্যাচে ৯৪ উইকেটের মালিক তিনি।

বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হল সানজামুলের। সবশেষ গত বছরের মার্চে টেস্ট অভিষেক হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। এই শ্রীলঙ্কার বিপক্ষেই। নিজেদের শততম টেস্টে। লঙ্কার মাটিতে সেই টেস্টটি জিতেছিল লাল-সবুজরা।

বিষয়:ত্রিদেশীয় সিরিজমুমিনুল হক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…