সড়ক দুর্ঘটনায় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ির বারৈরহাট এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) মহাপরিচালক ফজলুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
শনিবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। তারা হলেন- চট্টগ্রাম প্রাইমারি টিচার ট্রেইনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার, পটিয়া পিটিআইর সুপারিনটেনডেন্ট মুশফেকা বিনতে সুলতান, পিটিআইর অফিস সহকারী সাইফুল এবং গাড়িচালক আলী হোসেন।
নেপের পরিচালক মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান, তিনি সরকারি কাজের অংশ হিসেবে খাগড়াছড়ি পিটিআই পরিদর্শন করতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে ফটিকছড়ির বারৈরহাট এলাকার আনন্দপুর কমিউনিটি সেন্টারের কাছে লোহাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তিনি জানান, গুরুতর আহত অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিগত দুই বছর যাবত নেপে কর্মরত ছিলেন ফজলুর রহমান। তিনি ময়মনসিংহের কালিবাড়ী রোডে জন্মগ্রহণ করেন।
নেপের ওয়েবসাইটে তার সম্পর্কে বলা হয়েছে, তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ (স্পেশাল) ব্যাচের একজন সদস্য। সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে ১৯ জানুয়ারি ২০১৫ তারিখে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) এর মহাপরিচালক পদে যোগদান করেন।
তাছাড়া তিনি উপজেলা ম্যাজিষ্ট্রেট, থানা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন), মেরিন সেফটি অফিসার ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট, উপ-সচিব ও ডিআইজি (প্রিজন্স) হিসেবে দায়িত্ব পালন করেন।







