বাংলাদেশ

বাস চাপায় পা হারানো রোজিনাকেও বাঁচানো গেল না

রোজিনা-সড়ক দুর্ঘটনা-পা হারানো

রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারানো রোজিনা মারা গেছেন। রোববার সকাল ৬.৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান।

রোজিনার গৃহকর্তা সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে কলেজ ছাত্র রাজীবের মৃত্যুর পর সপ্তাহ না যেতেই বাসের চাপায় পা হারান রোজিনা (২১)। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছিল। সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন রোজিনা।

তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ইশতিয়াক রেজা ওই সময় জানিয়েছিলেন। মহাখালীতে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রোজিনা দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

বুধবার দুপুরে রোজিনাকে পঙ্গু হাসপাতাল থেকে ঢামেকে স্থানান্তর করা হয়েছিল। রোজিনা মোটামুটি ভালো ছিলেন বলে ওই সময় জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না রোজিনাকে।

গুলশান থানা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, রোজিনা ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দোতলা বাস তাকে ধাক্কা দেয়।

তখন ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা রোজিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুল আটক রয়েছে পুলিশের কাছে। বিআরটিসি কর্তৃপক্ষ রোজিনার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…