গাইবান্ধা

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপির মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মৃত্যুর খবর, বৃদ্ধ ব্যক্তি ছবি, পেশাদার ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা আহমেদ মঙ্গলবার সকালে রাজধানীর সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লহি…রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও এলজিআরডি মন্ত্রী।

দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

গত ১৮ই নভেম্বর টাঙ্গাই‌লে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা ১ আস‌নের এম‌পি গোলাম মোস্তফা গুরুতর আহত হন। বঙ্গবন্ধু সেতুর নিকটবর্তী টাঙ্গাইল-ঢাকা মহাসড়‌কের না‌টিয়াপাড়া এলাকায় এমপিকে বহনকারী মাইক্রোবাসটি এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা এমপি গোলাম মোস্তফা সহ ৪ জন আরোহী গুরুতর আহত হন।

এসময় পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতা‌লে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এই ঘটনার পর গত ২২ মার্চ গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) বিজয়ী হন।

আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা)  পান ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পান ৬০ হাজার ১০০ ভোট।

বিষয়:সড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…