ক্রিকেট

সাইফউদ্দিনকে ফিরিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

ক্যাম্পে থাকছেন না সাকিব

সাইফউদ্দিনকে ফিরিয়ে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২২ সালের অক্টোবরে নিউজিল্যান্ড সফরে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেটি ছিল তারকা পেস-অলরাউন্ডারের সবশেষ আন্তর্জাতিক ম্যাচও। চোটের কারণে দুই বছর জাতীয় দলের বাইরে থাকার পর ফেরার খুব কাছে রয়েছেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে।

মিরপুরে তিন দিনের (২৬-২৮ এপ্রিল) প্রস্তুতি ক্যাম্পে থাকছে না সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে তালিকায় রাখা হয়নি মোস্তাফিজুর রহমানকে। তবে মূল সিরিজে থাকবেন দুই তারকাই।

ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার সুবাদে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমনকে রাখা হয়েছে প্রাথমিক দলে। ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের হয়ে দুটি টি-টুয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম।

আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। শেষ দুটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

প্রাথমিক দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিষয়:বাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টসসাইফউদ্দিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…