বাংলাদেশ

মানবতার চেতনা দিয়েই জঙ্গিদমনে জাতীয় ঐক্যের আহ্বান

মানবতার চেতনা দিয়েই জঙ্গিদমনে জাতীয় ঐক্যের আহ্বান

বল প্রয়োগ নয়, আদর্শ ও মানবতার চেতনা জাগ্রত করে জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় যাদুঘরের সামনে সুশাসনের জন্য নাগরিক সুজনের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদকে রাজনৈতিক রঙ না দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা প্রয়োজন।

গুলশান এবং শোলাকিয়া হামলার পর থেকে সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সভা সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারই ধারাবাহিকতায় সারাদেশে সুশাসনের জন্য নাগরিক সুজনের জঙ্গিবাদ প্রতিরোধে মানববন্ধন। কর্মকৌশল নির্ধারণ করে জঙ্গিবাদ প্রতিরোধে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া বিশিষ্টজনেরা।

সাবেক নির্বাচন কমিশনার বলেন, শুধু বল প্রয়োগ দিয়েই এই সমস্যার সমাধান হবে না। যদি আমাদের সন্তানরা বিপথে চলে যায়, তাদেরকে আবার কিভাবে সেই বিপথ ফিরিয়ে আনা যায়, সেটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। সেখানে সামাজিকভাবে ও মানবিক হয়ে কাজ করতে হবে।

গণশিক্ষা কেন্দ্রের প্রধান জাফরউল্লাহ চৌধুরী বলেন, আজকে দেখতে হবে এমন মানসিক বৈকল্য কেনো আমাদের মধ্যে এসেছে। পরিবারে যদি এমন মানসিক বৈকল্য থাকে তাহলে সন্তানের ওপর সেই প্রভাবটি পরে থাকে।

অন্যদিকে সুজনের সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের আলোচনার মাধ্যমে একটি সুচিন্তিত কৌশল বের করে আমরা সমবেতভাবে এদেরকে প্রতিহত করবো।

জঙ্গিবাদ কোন গোষ্ঠীগত বা আঞ্চলিক সমস্যা নয়। জঙ্গিবাদ প্রতিরোধে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি করতে পারিবারিক সচেতনতা বাড়ানোর আহ্বানও ছিল মানবন্ধন থেকে।

বিষয়:জঙ্গিমানববন্ধন
প্রতিবেদক

শফিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, চ্যানেল আই নিউজ।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…