ফেনীর সেই চার সাংবাদিককে গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ

পুলিশের করা বিস্ফোরক ব্যবহার এবং বিশেষ ক্ষমতা আইনের ৯ মামলায় ফেনীর চার সাংবাদিককে আগামী চার সপ্তাহ গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দিয়ে এই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পন করতে বলেছেন।
এই চার সাংবাদিক হলেন- দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন, বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডটকম এর স্টাফ করেসপন্ডেন্ট সোলাইমান হাজারী ডালিম, দৈনিক স্টার লাইন ও সময়ের আলোর প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী ও দৈনিক অধিকার এর স্থানীয় প্রতিনিধি এস এম ইউসুফ আলী।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ মহসিন কবির, মো. আজিজুর রহমান ও এস এম সালেহ আহমেদ।
আইনজীবী মহসিন কবির পরে সাংবাদিকদের বলেন, “সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার তদন্তে পুলিশের উদাসীনতা নিয়ে পেশাদারিত্বের সাথে খবর প্রকাশ করায় পুলিশ অভিযোগপত্রে এই চার সাংবাদিকের নাম জড়িয়েছে। অথচ এফআইআর-এ তাদের নাম ছিল না।
এই আইনজীবী আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ ফেনী সদরসহ ৪টি থানায় ৯টি মামলা করেছিল। এসব মামলার এফআইআর-এ তাদের নাম ছিল না। গত ৭ থেকে ১২ মে’র মধ্যে সব ক’টি মামলায় গোপনে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
চার সাংবাদিকেরই অভিযোগ, ফেনীর বিদায়ী পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার তাদের নাম মামলায় জড়িয়ে অভিযোগ পত্র দিয়েছেন।
নুসরাত হত্যা মামলায় দায়িত্বে অবহেলার জন্য গত মে মাসে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।







