স্পোর্টস

পেসে আঘাত, স্পিন দিয়ে কাবু

পেসে আঘাত, স্পিন দিয়ে কাবু

ফাইল ছবি

সবুজ উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়ে পেসারদের দিয়ে আক্রমণ। তারপর স্পিন দিয়ে ঘায়েল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ১৫ ওভার এভাবেই পার করেছেন মাশরাফি বিন মর্তুজা।

বোলিংয়ে গোড়াপত্তন করেন রুবেল হোসেন। সুইং আর বাউন্সে বিভ্রান্ত করে মেডেন নেন। এরপর মোস্তাফিজুর রহমান এসে প্রথম আঘাত হানেন। দুই ইনসুইঙ্গার করার পর তৃতীয় ডেলিভারিতে উইকেট নেন।

ব্যাক অব লেন্থে লাফিয়ে ওঠা বল ডিফেন্স করতে যান পল স্টার্লিং। বল ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট থার্ডম্যানে। মোস্তাফিজের এই ওভারটিও মেডেন যায়।

ষষ্ঠ ওভারে মাশরাফি বল হাতে তুলে নেন। উইকেট না পেলেও অফস্টাম্পের বাইরে লাইন আর লেন্থে দারুণ দক্ষতা দেখিয়েছেন। ভেতরে আইটেম স্পিনার মোসাদ্দেককে ব্যবহার করে দ্বিতীয় সাফল্য পান অধিনায়ক। নবম ওভারে পোর্টারফিল্ডকে (২২) বিদায় করেন তরুণ অলরাউন্ডার।

১৫তম ওভারে সাকিব আল হাসান আক্রমণে এসে দলের জন্য তৃতীয় সাফল্য আনেন। বেলব্রিনিকে (১২) দারুণ এক আর্ম ডেলিভারিতে ভড়কে দেন। ভুল লাইনে ডিফেন্স করতে যেয়ে বোল্ড হন আইরিশ ব্যাটসম্যান।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এদিন নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরে যায় মাশরাফিরা।

বিষয়:ত্রিদেশীয় সিরিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…