বাংলাদেশ

ঢাবির স্মরণিকায় জিয়া ‘প্রথম রাষ্ট্রপতি’, বিক্ষোভ-ভাঙচুর

ঢাবির স্মরণিকায় জিয়া ‘প্রথম রাষ্ট্রপতি’, বিক্ষোভ-ভাঙচুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় একটি নিবন্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ লেখার প্রতিবাদে তোলপাড় শুরু হয়েছে ঢাবি ক্যাম্পাসে। উপাচার্যের গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

বিকাল ৩ টায় উপাচার্য ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা উপাচার্যের গাড়ির ওপর চড়াও হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

এর আগে ইতিহাস বিকৃতির অভিযোগে নিবন্ধটির লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে দুপুরে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় মুক্ত হন তিনি।

৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় জিয়া হল নিয়ে রেজিস্ট্রার রেজাউরের ‘স্মৃতি অম্লান’ নিবন্ধে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি এবং আরেকটি নিবন্ধে জগন্নাথ হলকে ‘সংখ্যালঘুদের হল’ হিসেবে উল্লেখ করায় প্রকাশনাটি সকালেই বাজেয়াপ্ত ঘোষণা করেন উপাচার্য।

৫ম ও ৭ম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায় অনুযায়ী সেনা শাসকদের ক্ষমতাগ্রহণ অবৈধ ছিলো। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এ ইতিহাস কারও অজানা নয়। অথচ স্মরণিকাটিতে ‘স্মৃতি অম্লান’ শিরোনামে জিয়াকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন নিবন্ধের লেখক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ রেজাউর রহমান।

ইতিহাসের এ বিকৃতি ইচ্ছাকৃত নাকি ‘মুদ্রণ ত্রুটি’ তা খতিয়ে দেখতে তদন্তের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় এর কড়া প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সুভাষ সিংহ রায়। পরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্মরণিকাটি বাজেয়াপ্ত ঘোষণা করেন। একইসঙ্গে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বিষয়:ইতিহাস বিকৃতিজিয়াউর রহমানঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি স্মরণিকাঢাবি'র ৯৫ বছর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…