চেনা বাংলাদেশ, অচেনা মিরপুর

সাকিব-মাশরাফীরা শুরুতে ছেঁটে দিলেন জিম্বাবুয়ের টপঅর্ডার। ধেয়ে আসছে মোস্তাফিজের মায়াবী কাটার। তাতে বিভ্রান্ত হয়ে উইকেট ছাড়লেন ব্রেন্ডন টেলর। সবকিছুই বাংলাদেশর অনুকূলে। তারপরও গর্জে উঠছে না শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি!
গল্প নয়। দুপুর দুইটা নাগাদ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের নিয়ে স্ক্রিপ্ট লিখতে গেলে এই কথা বলতেই হবে।
বেশিরভাগ আসন এখনও ফাঁকা। পূর্ব গ্যালারির অর্ধেকটা ভরেছে। বাকি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানুষ বসা। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি মোটে ৫ হাজার! বাংলাদেশের ম্যাচে উপচেপড়া দর্শক ধারণে অভ্যস্ত স্টেডিয়ামটিকে লাগছে বড্ড বেমানান।
নির্ধারিত মূল্যেই স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। তারপরও কেন দর্শক নেই? স্টেডিয়ামের প্রবেশের সময় কয়েকজন তরুণ জানালেন, জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ বলেই মানুষের আগ্রহ কম। জিম্বাবুয়ে যে বাংলাদেশের ‘সমকক্ষ’ দল নয় সেটিই বোঝাতে চাইলেন তারা।







