বাংলাদেশ

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুয়েট শিক্ষিকা, উন্নত চিকিৎসা দাবি

হাসি

নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্স বিধ্বস্তের ঘটনায় জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রুয়েটের সহকারী প্রফেসর ইমরানা কবির হাসি। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তার শুভাকাঙ্খীরা।

কাঠমান্ডু মেডিকেল কলেজ এর ৫০২ এর আইসিইউতে ভর্তি রয়েছেন এই আক্রান্ত নারী। ডাক্তারদের মতে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত নেপাল থেকে সিঙ্গাপুর/ভারত অথবা থাইল্যান্ড ট্রান্সফার করতে হবে। কিন্তু বিমানের আগুনে পুড়ে গেছে তার পাসপোর্ট। ওই দুর্ঘটনায় হাসির স্বামী প্রকৌশলী রাকিবুল হাসান মৃত্যুবরণ করেন ১২ তারিখ।

রুয়েটের সাবেক শিক্ষার্থীদের একটি সংগঠন ‘রিওসা’ তাদের কার্যনির্বাহী কমিটির সভায় ৮ ব্যাচের ছাত্রী ইমরানা কবির হাসির পাশে যেকোন প্রয়োজনে থাকার জন্য সংগঠনের সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেনকে সমন্বয় করার দায়িত্ব দেয়।

তার বাসায় ও কর্মস্থলে খোঁজাখুঁজি করে তার পাসপোর্টের একটি ফটোকপি পায় সংগঠনটি। পাসপোর্টের ফটোকপি দিয়েই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষপ কামনা করেন রুয়েটের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনার শিকার হয়।

উড়োজাহাজটিতে ৬৭ যাত্রীর পাশাপাশি ৪ জন ক্রু ছিলেন বলে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫১।  চিকিৎসাধীন যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়:হাসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…