সাকিব বিশ্রামে, নাসির বাদ, ফিরলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের জয় উদযাপন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করার স্কোয়াডে ওলট-পালট করে সাউথ আফ্রিকা সফরের দুই টেস্টের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্রাম চাওয়া সাকিব নেই, সঙ্গে দুই টেস্ট খেলেই বাদ পড়েছেন নাসির। আর ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ, রুবেল, শুভাশিষরা।
সোমবার বিকেলে মিরপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ দল আগামী ১৬ সেপ্টেম্বর বিমানে চাপবে। সফরে দুটি টেস্টের জন্যই এই স্কোয়াড। তবে সাকিব চাইলে দ্বিতীয় টেস্টে তাকে বিবেচনা করা হবে।
সাকিবের ছয় মাসের টেস্ট-বিশ্রাম চাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে প্রোটিয়াদের বিপক্ষে কেবল প্রথম টেস্টের জন্যই বাইরে রাখার কথা বললেন প্রধান নির্বাচক। তবে দ্বিতীয় টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার ফিরবেন কিনা বা ফেরার কোন বাধ্যবাধকতা আছে কিনা সে প্রশ্নে বল সাকিবের কোর্টেই ঠেলে দিলেন- ‘সাকিব চাইলে’ উত্তরে। প্রধান নির্বাচকের কথায় এমন কোনও আত্মবিশ্বাসও খুঁজে পাওয়া গেল না যে, সাকিব নিজে দ্বিতীয় টেস্টে ফেরার কথা আদৌ ভাবছেন।
নাসির দীর্ঘবিরতির পর ফিরেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ইনিংসে ২৩ ও ৪৫ রানের ইনিংস খেলার সঙ্গে দুটি ইনিংসে ব্যর্থ হয়েছেন। প্রত্যাশা মেটাতে না পারার মূল্য দিতে হল ছিটকে যেয়েই।
মাহমুদউল্লাহ বাদ পড়েছিলেন শ্রীলঙ্কা সিরিজে। বাংলাদেশের শততম টেস্টে বাদ পড়ার পর ওয়ানডেতেও জায়গাটা নড়বড়ে হয়ে পড়েছিল। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে ওঠার পথে নিউজিল্যান্ডকে হারানো জয়ে সেঞ্চুরি হাঁকিয়ে রঙিন পোশাকে অটোমেটিক চয়েসে থাকলেও ঘরের মাঠে অজি সিরিজে উপেক্ষিতই ছিলেন। তিন টেস্ট বাইরে থাকার আবারও ডাক মিলল।
অস্ট্রেলিয়া সিরিজে বিতর্কিতভাবে বাদ পড়ার পর মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় ডাক পাওয়া মুমিনুল হকও আছেন স্কোয়াডে। তবে নেই চোখের ইনফেকশন সেরে না ওঠা মোসাদ্দেক।
সাউথ আফ্রিকার কন্ডিশনের কথা মাথায় রেখে পাঁচ পেসারের কথা আগেই জানিয়েছিলেন প্রধান নির্বাচক। শফিউল, মোস্তাফিজ, তাসকিন অজি সিরিজের দলেই ছিলেন। সঙ্গে যোগ হয়েছেন শুভাশিষ রায় ও রুবেল হোসেন।
তাইজুল ও অলরাউন্ডার মিরাজের সঙ্গে সাকিবের ঘাটতি মেটাতে কোনও বিশেষজ্ঞ স্পিনার দলে নেয়া হয়নি।
সফরের শুরুতে ২১ সেপ্টেম্বর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ অক্টোবর, ব্লুমফন্টেইন। ২০০৮ সালে বাংলাদেশ সাউথ আফ্রিকা সফরে এখানেই খেলেছিল সিরিজের প্রথম টেস্ট।
পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেটি শুরুর আগে ১২ অক্টোবর তিনদিনের প্রস্তুতি ম্যাচ। ১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে। দুই টি-টুয়েন্টির প্রথমটি ২৬ অক্টোবর ব্লুমফন্টেইন, ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টুয়েন্টি দিয়ে হবে সফরের ইতি।
সাউথ আফ্রিকা সিরিজের টেস্ট দল:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মমিনুল হক, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস ও শুভাশিষ রায়।



